ডেস্ক প্রতিবেদক : ইনস্টাগ্রামে হিজাব পরা বার্বি ডলের ছবি আপলোড করেছেন হানিফা এডাম নামে একজন নাইজেরীয় নাগরিক। তারপর থেকে প্রশংসার পাশাপাশি আসছে নানা রকমের বিতর্কও।
বিবিসির খবরে বলা হয়, হিজাব পরা বার্বি ডলের ছবি নিয়ে তর্ক-বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
হানিফা এই বার্বির ছবি আপলোডের পর নানা ধরনের হুমকিও পাচ্ছেন বলে জানায় বিবিসি।
হানিফা এডাম তার এই হিজাব পরা বার্বির নাম দিয়েছেন ‘হিজারবি’।
নাইজেরিয়ার ২৪ বছর বয়সী এই তরুণী একজন মুসলিম এবং তিনি নিজেও হিজাব পরেন। হঠাৎ করেই এই হিজাব পরা বার্বির আইডিয়াটা তার মাথায় আসে।
হানিফা ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানান, ‘হিজাব পরা কোনো পুতুল আমি কখনো দেখিনি। কোনো কিছু না ভেবেই আমি হিজাব পরা পুতুলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করি। আমি ভাবিনি যে এই ছবি এতটা সাড়া ফেলে দেবে।’
প্লাস্টিকের পুতুল হরেক রকম হিজাব পরিয়ে ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দিতে থাকলেন হানিফা। বিপুল সাড়া পাওয়া গেল।
তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার এখন ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
হিজারবির জন্য হরেক রকম পোশাক হানিফা নিজেই তৈরি করেন। তবে এ রকম ক্ষুদ্র পোশাক তৈরির অনেক ঝক্কি।
তবে সবাই যে হানিফার এই হিজারবি পছন্দ করেছে তা নয়। নানা রকম ইসলাম বিদ্বেষী মন্তব্যেরও টার্গেট হয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিদ্বেষী মন্তব্য সম্পর্কে হানিফা বলেন, ‘অনেকে আমার হিজারবি নিয়ে নানা রকমের বিদ্রূপ করছিল। কেউ কেউ বলছিল এই হিজারবির পোশাকের আড়ালে বোমা লুকোনো আছে।’
তিনি বলেন, ‘হিজাব কোনো নিপীড়নের প্রতীক নয়। এটি বরং মুক্তির প্রতীক।’
উল্লেখ্য, পশ্চিমা বিশ্বের নামকরা অনেক ফ্যাশন ব্র্যান্ড এখন হিজাব বিক্রি করছে। এইচঅ্যান্ডএম এবং ডলচে গাবানা সম্প্রতি তাদের স্টোরে হিজাব বিক্রি শুরু করে।
হানিফার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে তার হিজারবি ব্রান্ডের নানা ফ্যাশন আইটেম তৈরি করে বাজারে ছাড়া।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।