October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মাহফুজ আনামের বিরুদ্ধে মামলায় তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং মানহানির অভিযোগের মামলায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী মামলার অভিযোগের বিষয় তদন্ত করে আগামী ২৮ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের  আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সকালে আদালতে মোস্তাফিজুর রহমান দুলাল নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন।

দন্ডবিধির ১২৩(ক), ১২৪(ক), ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় বাদীপক্ষে কাজী নজিবুল্লাহ হিরু এবং ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু শুনানি করেন। এ মামলায় ৮ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরানো এবং আওয়ামী লীগের রাজনীতিকে নেতৃত্ব-শূন্য করে গণতন্ত্রবিরোধী সরকারকে ক্ষমতায় বসানোর জন্য মিথ্যা তথ্যের ভিত্তিতে ২০০৭ সালের ১ নভেম্বর আসামি মাহফুজ আনামের ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা এবং বিকৃত তথ্য প্রকাশ করে। যা রাষ্ট্রদ্রোহিতা এবং মানহানিকর।

মামলায় বলা হয়, উক্ত আসামির এরূপ হলুদ সাংবাদিকতা এবং তার পত্রিকায় ছাপা মিথ্যা, বানোয়াট ও বিকৃত তথ্য প্রকাশ করা স্বাধীন বাংলাদেশের রাজনীতিকে অস্থির করে। পরে ওই মিথ্যা সংবাদ প্রকাশের জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় জড়ানো হয়। যা উক্ত আসামি গত ৩ ফেব্রুয়ারি এটিএন নিউজের টকশোতে ভুল  স্বীকার করেছেন।

মাহফুজ আনামের বিরুদ্ধে খুলনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর ১০০ কোটি টাকার এবং লক্ষ্মীপুরে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন চৌধুরী মাহমুদুন্নবী নবী সোহেল।