November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

লক্ষ্মীপুর ও খুলনায় ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা

ডেস্ক প্রতিবেদন : লক্ষ্মীপুর ও খুলনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। লক্ষ্মীপুরে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল ও খুলনায় ১০০ কোটি টাকার মানহানি মামলাটি করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর।
মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন সোহেল। আর খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন সাগর।
সোহেলের আইনজীবী রাসেল মাহমুদ মান্না বলেন, ‘ওয়ান-ইলেভেন ও তার পরবর্তী সময়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করায় আমার বাদী ও সাক্ষীগণের মানহানি হয়েছে। তাই মানহানি মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়েছেন। আশা করছি আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করবেন।’
এদিকে, খুলনায় সাগরের মামলার অভিযোগে বলা হয়, ১/১১ এর পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআই সরবরাহকৃত দুর্নীতির মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছিল ডেইলি স্টার। তারা ডিজিএফআইয়ের তথ্য যাচাই না করেই প্রতিবেদন প্রকাশ করেছিল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে মাহফুজ আনাম এ কথা স্বীকার করেছেন, যেটি একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এতে বাদীর মানহানি হয়েছে। তাই মামলাটি করা হয়েছে।
আদালত মামলাটি গ্রহণপূর্বক খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ তদন্ত করে এক সপ্তাহের ভেতর প্রতিবেদন দাখিল করতে বলেছেন। একইসঙ্গে আগামী ৩ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।