October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উত্তরায় হিজড়াদের দুই দলের গুলি বিনিময়, সংঘর্ষ : গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক : এক এলাকা থেকে অন্য এলাকায় চাঁদা তোলার বিরোধকে কেন্দ্র করে দুগ্রুপ হিজড়ার মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সেজুদ্দিন (২৮) নামে গুলিবিদ্ধ এক হিজড়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর উত্তরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ কয়েকজন হিজড়াকে আটক করে থানায় নিয়ে গেছে।

স্থানীয় এবং ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে গুলিবিদ্ধ হিজড়াসহ ৩ জন উত্তরা ৭ নম্বর সেক্টরের রাজউক মার্কেটের পেছনের দোকান থেকে চাঁদা তুলছিল। এ সময় একই এলাকায় চাঁদা তুলছিল আরেক দলের হিজড়া কচি, সিমা, স্বপ্না, পারুলসহ আরো কয়েকজন। চাঁদা তোলা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই মধ্যে উভয় পক্ষ মোবাইল করে সঙ্গী হিজড়াদের নিয়ে আসে। ৩টি মোটরসাইকেলে করে মুহূর্তের মধ্যে ছয়জন ঘটনাস্থলে আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি এবং পাল্টা পাল্টি ধাওয়া শুরু হয়। এতে আতঙ্কে লোকজন নিরাপদ গন্তব্যে ছুটতে থাকে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তবে কে এই গুলি ছুড়েছে তা জানা যায়নি। গুলিতে সেজুদ্দিন গুলিবিদ্ধ হয়। প্রায় আধাঘণ্টা পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আসলে হিজড়ারা পালিয়ে যায়। তবে এ সময় ৩/ ৪জনকে আটক করে উত্তরা থানায় নিয়ে যায় পুলিশ। সেজুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে দুপুর সাড়ে ১২ টার দিকে ঢামেকে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, সেজুদ্দিনের তলপেট এবং বাম পায়ে গুলি লাগে। তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে অনেক হিজড়া হাসপাতালে ছুটে আসে।

সেজুদ্দিনের দলের রিনা নামের একজন বলেন, ‘তারা তুরাগ থেকে চাঁদা তুলতে তুলতে এখানে চলে আসি। কিন্তু এটা যে অন্য থানার এলাকা তা বুঝতে পারিনি। তাদের (প্রতিপক্ষ) বুঝিয়ে বলার পরও কোনো কথা না শোনে লোকজন দিয়ে আমাদের ওপর গুলি করে।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উত্তরার নেতৃত্বে দেওয়া কচি।

তিনি বলেন, ‘তারা তুরাগ থানা এলাকায় চাঁদা তুলবে। যা নেতারা নির্ধারণ করে দিয়েছেন। অথচ তারা প্রায় সময়ই এই এলাকায় এসে চাঁদা তুলে চলে যায়। নেতাদের মাধ্যমে কয়েকবার তাদের সতর্কও করা হয়েছে। তারাই লোকজন এনে গুলির ঘটনা ঘটিয়েছে।’

উত্তরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন জানান, ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। কয়েকজন হিজড়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।