November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মীর কাসেমের আপিল শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি

আদালত প্রতিবেদক :  মানবতাবিরোধী অপরাধেরে দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিল শুনানি পিছিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

আদালতে মীর কাসেমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান ও মীর কাসেমের ছেলে আহমদ বিন কাসেম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।

পরে আইনজী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘আমরা আদালতের কাছে আগামী রোববার পর্যন্ত সময় চেয়েছিলাম। আদালত আমাদেরকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।’

এর আগে গত ৬ জানুয়ারি মীর কাসেমের আপিল শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ।

২০১৪ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস চেয়ে আপিল করেন মীর কাসেমের আইনজীবীরা।

আপিলে তার খালাসের পক্ষে ১৮১টি যুক্তি তুলে ধরা হয়েছে।

২০১৪ সালের ২ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেমকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আনীত ১১ ও ১২ নম্বর অভিযোগে মুক্তিযোদ্ধা জসিম ও জাহাঙ্গীর আলম চৌধুরীকে হত্যার দায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এর মধ্যে ১২ নম্বর অভিযোগে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে রায় প্রদান করা হয়।

এ ছাড়া ২ নম্বর অভিযোগে ২০ বছর, ৩, ৪, ৬, ৭, ৯ ও ১০ নম্বর অভিযোগে মীর কাসেম আলীকে ৭ বছর করে এবং ১৪ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অপরদিকে ১, ৫, ৮ ও ১৩ নম্বর অভিযোগ থেকে মীর কাসেমকে অব্যাহতি দেওয়া হয়।