ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যুব ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড অর্জন করেছেন। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ২ উইকেট তুলে নিয়ে পৌঁছে গিয়েছেন এই মাইলফলকে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২১তম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয়েছিল মিরাজের দল। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে মিরাজের এই রেকর্ডে পৌঁছাতে প্রয়োজন ছিল দুই উইকেট। যা তিনি এই ম্যাচে পূর্ণ করে ফেলেছেন। ম্যাচের ১৬তম ওভারে মেহেদি হাসান মিরাজ মাইকেল ভন লিজেনের উইকেট দিয়ে শুরু করেছেন। ভনকে ৪ রানে ফিরিয়ে দিয়েছেন সাজঘরে। এই উইকেট দিয়ে তিনি দীর্ঘ আট বছর ধরে নিজের দখলে রাখা পাকিস্তানি ইমাদ ওয়াসিমকে ছুঁয়ে ফেলেন। পরে ম্যাচের ৩৩তম ওভারে ভ্যান উইকের উইকেটটি নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডের মালিক হয়ে গিয়েছেন।
৭.৫ ওভার বল করে মাত্র ১২ রানের বিনিময়ে নিয়েছেন দুটি উইকেট। মিরাজের এখন মোট উইকেট সংখ্যা দাড়িয়েছে ৭৪টি। মিরাজের আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিমের। দীর্ঘ আট বছর এই রেকর্ডের মালিক একমাত্র তিনিই ছিলেন। তবে বাংলার স্পিনার মিরাজের কাছে হারতে হলো পাকিস্তানের স্পিনারকে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই মিরাজের এই রেকর্ড অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছিল। এই মাইলফলকে পৌঁছাতে তখন তার প্রয়োজন ছিল তিনটি উইকেট। তবে ঐ ম্যাচে ভাগ্য তার সহায় হয়নি। গত ম্যাচে একটি উইকেটই নিতে পেরেছিলেন তিনি। তবে আজকের ম্যাচে তিনি তার লক্ষ্যে ঠিকই পৌঁছে গিয়েছেন।
বল হাতে যেমন পারদর্শী তিনি, ব্যাটিংয়েও সমান প্রতিভা তার। ৭৪টি উইকেটের পাশাপাশি তিনি সংগ্রহ করেছেন ১,১৩৭ রানও। সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় ১২ নম্বরে আছে বাংলাদেশের যুব অধিনায়ক মিরাজের নাম।
ক্রিকেটে নিজেদের মহিমা উঁচু পর্যায়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি আগের ম্যাচেই নিজের করে নিয়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। আর এখন বোলিংয়েও সর্বোচ্চ উইকেটের মালিক বাংলাদেশি ক্রিকেটারই। যুব ক্রিকেটের ব্যাটিং-বোলিং রেকর্ডের দুই ক্ষেত্রেই এখন বাংলাদেশের ক্রিকেটারদের নাম লেখা। এছাড়াও মেহেদি হাসান মিরাজের আরও একটি রেকর্ড আছে। মিরাজ টানা দ্বিতীয়বারের মত দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে প্রথম যুব অধিনায়ক হিসেবে।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ