October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ডেমরায় স্ত্রীর মুখ এসিড দিয়ে ঝলসে দিলো স্বামী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় জেসমিন বেগম (৩০) নামে এক নারীর মুখ এসিড দিয়ে ঝলসে দিয়েছেন তার স্বামী। গুরুতর দগ্ধ অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে কোনাপাড়ার শাহজালাল রোডের মোসলেমের বাড়িতে এই ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দগ্ধ অবস্থায় জেসমিন বেগমকে তার মামা বেলাল ও ভাগ্নি সোনিয়া উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

জেসমিনের ভাগ্নি সোনিয়া বলেন, ‘সকালে ঘরের ভেতর দরজা আটকে জেসমিনের মুখে এসিড ঢেলে দেয় তার স্বামী আমির হোসেন। এ সময় তার চিৎকার শুনে আমরা গিয়ে তাকে উদ্ধার করি। এসিড দিয়ে আমির বাসা থেকে পালিয়ে যায়। আমরা জেসমিনকে দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসি।’

তিনি আরও বলেন, ‘জেসমিন বিভিন্ন বাসা-বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। তার স্বামী আমির হোসেন একজন মিস্ত্রী। তাদের সাত বছর আগে বিয়ে হয়েছিল। তাদের তিন সন্তানও আছে। এর আগেও আমির একবছর তার স্ত্রী সন্তানকে রেখে নিখোঁজ ছিলেন। কয়েক মাস আগে তিনি আবার ফেরত আসেন। প্রায়ই তিনি জেসমিনের সঙ্গে ঝগড়া করতেন।’

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, জেসমিনের শরীরের দশ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

জেসমিনের গ্রামের বাড়ি শরীয়তপুরের বেদেরগঞ্জ উপজেলায়। তিনি এই ঘটনায় মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন।