October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অস্কারে প্রেজেন্টার প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে একের পর এক সফলতা পেয়েই চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কোয়ান্টিকো টিভি সিরিয়ালে অভিনয় করে পেয়েছেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড। এছাড়া হলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে। এবার অস্কারের প্রেজেন্টার হিসেবে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে এ সংবাদ জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। সঙ্গী হিসেবে প্রিয়াঙ্কা পাচ্ছেন স্টিভ কার্নেল, কুইন্সি জোন্স, বায়ুং-হুন লি, জারেড লেটো, জুলিয়ান মুর, অলিভিয়া মুন, ম্যারট রবি, জ্যাসন সেগেল, অ্যান্ডি সেরিক্স, জে কে সাইমন, কেরি ওয়াশিংটন ও রেসে উইথারস্পুনকে।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া। ৩৩ বছর বয়সি এ তারকা এক টুইটে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানটি সারাসরি সম্প্রচার করবে এবিসি চ্যানেল। এবারেও সঞ্চালনায় থাকবেন ক্রিস রক।