October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নাটোরে সংখ্যালঘু খ্রিস্টান পরিবারের সম্পদ দখল

নাটোর প্রতিনিধি : নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনপাড়া গ্রামের এক সংখ্যালঘু ক্যাথলিক খ্রিস্টান পরিবারের সম্পদ দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকির বাহিনী মিলন গোমেজ নামে এক ক্যাথলিক সংখ্যালঘু পরিবারের বসতভিটা, চাষাবাদের জমি ও দোকান ঘর জাল দলিল দেখিয়ে জবর দখল করে নেয়।
ভিটে-মাটি হারিয়ে সহায়-সম্বলহীন হয়ে এখন বিচারের আশায় পথে পথে ঘুরছে মিলন গোমেজের পরিবার। অপরদিকে অস্ত্রসহ বিভিন্ন ভূয়া মামলায় ফেরারী হয়ে ছেলে পল গোমেজ এখন নিরুদ্দেশ হয়ে আছে।
জানা গেছে, বিগত ৮/১২/২০১৩ইং তারিখে বড়াইগ্রাম থানার বনপাড়া গ্রামের সংখ্যালঘু খ্রীষ্টান মিলন গোমেজ ও তার ছোট ছেল আকাশ গোমেজকে প্রচন্ড মারধোর করে এলাকার কুখ্যাত মৌলবাদি বাহিনী জাকির বাহিনী। এসময় তারা প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে সাদা স্ট্যাম্পে সাক্ষর করিয়ে নেয়। পরবর্তীতে ১০/১১/২০১৫ইং তারিখে পুনরায় মিলন গোমেজের বাড়ি-ঘর, জায়গা-সম্পত্তি জাল দলিল দেখিয়ে দখল করে নেয়। মিলন গোমেজ নিজ বাড়ি-ঘর, জায়গা-সম্পত্তি উদ্ধারের চেষ্টা করলে মিলন গোমেজ ও তার ছেলেকে প্রচন্ড মারধোর করে সন্ত্রাসী জাকির বাহিনী। এক পর্যায়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলে গ্রামবাসীর সহায়তায় সে যাত্রায় প্রাণে বেঁচে যায় মিলন গোমেজ ও তার ছোট ছেলে। অপরদিকে মিলন গোমেজের বড় ছেলে পল গোমেজের নামে মিথ্যা মামলা দেয়ায় সে কোন অাইনগত সহায়তাও পাচ্ছে না। এরই মধ্যে বিগত ১৮/১২/২০১৫ইং তারিখে অবৈধ অস্ত্র রাখার মিথ্যা মামলায় পল গোমেজকে ৭ বছর সশ্রম কারাদন্ড দেয় আদালত। দন্ড মাথায় নিয়ে বর্তমানে সে পলাতক আছেন।
এদিকে ভুক্তভোগী মিলনের পরিবারের সদস্যরা জানান, একদিকে মামলা অপরদিকে মৌলবাদি সন্ত্রাসী জাকির বাহিনীর ভয়ে পুরো পরিবারকেই পালিয়ে বেড়াতে হচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করায় মিলন গোমেজের বড় ছেল পল গোমেজও মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মৌলবাদি সন্ত্রাসীরা তাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলার হুমকি দিয়ে বেড়াচ্ছে। বিষয়গুলো নিয়ে একাধিকবার পুলিশের কাছে গেলেও কোন প্রকার সহযোগীতা মেলেনি তাদের কাছ থেকে। উল্টো হয়রানীর ভয়ে অন্তরালে দিনানিপাত করছেন তারা।
ঘটনা সম্পর্কে স্থানীয় চার্চের ফাদার বিকাশ রিবেরু এই প্রতিবেদকে বলেন, জাকির হোসেন, জিন্নাহ, খোকন মোল্লাসহ তাদের বাহিনীর ভয়ে কেউ কথা বলতে পারে না। আর তাই অন্যায় দেখেও চুপ করে থাকতে হচ্ছে। আমরা সংখ্যালঘু হওয়ায় তারা সেই সুযোগটি কাজে লাগিয়ে মিলন গোমেজের সবকিছু জবর দখল করে নিয়েছে। তাছাড়া যেসব মামলা মিলন গোমেজের পরিবারের সদস্যদের নামে আছে তার সবটাই বানানো।
রিচার্ড কস্তা নামে এক প্রতিবেশী জানান, জাল দলিল করে মিলনের সম্পত্তি দখল হয়েছে। এসব নিয়ে প্রতিবাদ করায় বড় ছেলেসহ মিলনকেও মারধোর করেছে সন্ত্রাসী বাহিনী। তাছাড়া মামলায় থাকায় বড় ছেলে পল এখন নিরুদ্দেশ।