নিজস্ব প্রতিবেদক : ঈদের তিন দিনের ছুটি শেষ। এখনো ঈদের আমেজ কাটিয়ে উঠতে পারেনি রাজধানী। কর্মজীবী মানুষের একটু বাড়তি ছুটিতে ঢাকা এখনো ফাঁকা।
অন্যদিকে, নির্ধারিত ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যোগ দিতে ঢাকায় আসতে শুরু করেছেন মানুষ। রবিবার সকাল থেকে বাসস্ট্যান্ড, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঢাকা ফেরত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়, মতিঝিল ব্যাংকপাড়া সরেজমিন ঘুরে দেখা গেছে, সর্বত্র ঈদের আমেজ বিরাজমান। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক কম। সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় আর খোশগল্পেই সময় পার করছেন অনেকে। অন্যদিকে সেবাগ্রহীতাদের উপস্থিতিও কম।
ব্র্যাক ব্যাংক কর্মকর্তা ইমু দ্য রিপোর্টকে বলেন, অফিস খুললেও ক্লাইন্ট কম। তাই সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেই সময় কাটছে।
রাজধানীর পল্টন, গুলিস্তান, জিপিও এলাকার ফুটপাথে কোনো হকার দেখা যায়নি।
কাকরাইল, শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট এলাকায় স্বাভাবিক দিনের তুলনায় গাড়ির চলাচল ছিল অনেক কম। এ ছাড়া রাজধানীর ব্যস্ততম সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা।

মহাখালী বাসস্ট্যান্ডে কথা হয় ময়মনসিংহ থেকে আসা হাবিবের সঙ্গে। কাজ করেন মিরপুরের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তিনি বলেন, বাড়ি যাওয়ার আগেই ফিরে আসতে হল। কাল থেকে অফিস। তাই সবাইকে বাড়িতে রেখেই চলে আসতে হয়েছে।
গাবতলী-কল্যাণপুরে অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। বাস কাউন্টারগুলোতে অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। এখনো ঢাকা ছেড়ে যাচ্ছেন কেউ কেউ।

ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরেছেন প্রকৌশলী সাইফুল। পরিবার-পরিজন নিয়ে ঈদ করেছেন গ্রামের বাড়িতে। কাজের তাগিদে একাই ফিরেছেন ঢাকায়। বলেন, ছুটি শেষ। তাই ঢাকায় ফিরতে হল।
রাজধানীর নিউমার্কেট, এলিফেন্ট রোড, নীলক্ষেতসহ অধিকাংশ বিপণিবিতানগুলো আজও বন্ধ দেখাগেছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত