October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বানরের সেলফি স্বত্বের দাবিতে মামলা !

বিদেশ ডেস্ক : ছবি যারা তোলা, মালিকানাও তার। আর তাই বানরের তোলা একটি সেলফির স্বত্ব ওই বানরকে দেয়ার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রে মামলা দায়েরের ঘটনা ঘটেছে। আর এ মামলাটি করেছে প্রাণীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন পেটা।

ব্রিটিশ আলোকচিত্রী ডেভিড স্লেটার ২০১১ সালে ইন্দোনেশিয়ার বনে ছবি তোলার সময় ক্যামেরা ও ট্রাইপড সেট করে কিছুক্ষণের জন্য সরে গিয়েছিলেন। এসময় একদল বানর এসে সেগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে। আর এভাবেই ‘বানরের সেলফি’র জন্ম নেয় । ওই বানর দলটির নেতার নাম দেওয়া হয়েছিল নারুতো। স্লেটার সম্প্রতি বণ্যপ্রাণীদের নিয়ে তোলা আলোকচিত্রের একটি বই প্রকাশ করেছেন। পেটার দাবি এ ছবির স্বত্ব স্লেটারের নয় বরং নারুতোর। বানরের আদালতে মামলা করার অধিকার এবং সামর্থ্য নেই বিধায় তারা বানরের পক্ষে মামলা করেছেন।

পেটার দায়ের করা মামলায় বলা হয়েছে, নারুতোর স্বেচ্ছায় ও উদ্দেশ্যমূলক ক্রিয়াকর্মকাণ্ডের মাধ্যমে এ ‘বানর সেফফির’ জন্ম। এ ক্ষেত্রে স্লেটারের কোন সহায়তা বা অবদান নেই। সেক্ষেত্রে ‘ একই কাজের জন্য অন্যান্য লেখকরা যেভাবে দাবি করে থাকেন সেভাবে নারুতোরও ছবিটির মালিকানা ও এর স্বত্ব দাবি করার অধিকার রয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া প্রতিক্রিয়ায় স্লেটার জানিয়েছেন, পেটার এ আচরণে তিনি বেশ ক্ষুব্ধ। মামলার আগে সংগঠনটি তার সঙ্গে কোনো যোগাযোগও করেনি। তার দাবি , পেটা স্রেফ প্রচারণার জন্য এ মামলা করেছে।

তিনি বলেন, ‘কিছু পরিস্থিতি প্রাণীদের সম্পত্তির ওপর অধিকার থাকা প্রয়োজন, সে ব্যাপারে আমি আমার বইতে সহানুভূতি দেখিয়েছি। তবে তাই বলে স্বত্বের ব্যাপারে নয়।’