সিলেট প্রতিনিধি : সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যদিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা চাঞ্চল্যকর এ হত্যা মামলার অভিযোগ গঠন করেন।
বিচারক এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১ অক্টোবর দিন ধার্য করেছেন।
এসময় গ্রেফতার হওয়া ১০ আসামি আদালতে হাজির ছিলেন।
অভিযুক্ত আসামিরা হলেন- সদর উপজেলার শেখপাড়ার বাসিন্দা কামরুল ইসলাম, তার ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদ; পাভেল আহমদ, ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। ঘাতকরা রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে অনলাইনে ছড়িয়ে দয়। সে ভিডিও দেখে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সৌদিতে আটক কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়। আদালত ২৪ আগস্ট চার্জশিট আমলে নেন। পরদিন আদালতের নির্দেশে ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের মালামাল ক্রোক করে নগরীর জালালাবাদ থানা পুলিশ। গত ৩১ আগস্ট রাজন হত্যাকাণ্ডের মূল আসামি পলাতক কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও আরেক হোতা পাভেলকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী