October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

আদালত প্রতিবেদক : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও ফল স্থগিত এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জেএন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।

এর আগে রোববার এ রিটের শুনানিতে রিটকারী আইনজীবীকে খুঁজে পাননি সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিরা। এ কারণে শুনানি হয়নি।

রোববার সকালে শুক্রবারে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি  পরীক্ষা বাতিল এবং রোবাবরের প্রকাশিত ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

রিট আবেদনে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশনার সঙ্গে রুল জারি এবং নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, মন্ত্রীপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক, পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক,  দুদক, পুশিল কমিশনার ও শেরে বাংলা নগর থানার ওসিসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যেই ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সারা দেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার এ পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে ৫৮ দশমিক চার শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়।