October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীতে গৃহকর্তাকে ঘুম পাড়িয়ে সর্বস্ব নিয়ে পালালো ২ ভণ্ড ফকির

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজিরবাগ এলাকায় গৃহকর্তাকে ঘুম পাড়িয়ে সর্বস্ব নিয়ে পালিয়ে গেছে দুই ভণ্ডফকির। ঘটনাটি ঘটে রোববার সকাল সাড়ে ১১টায়।

গৃহকর্তা আব্দুল খালেকের (৬৫) ছেলে আশরাফুল হক নিউজবাংরাদেশকে বলেন, “আজ সকাল সাড়ে ১১টার দিকে দুই ফকির আমাদের বাসায় এসে বলে, পুরনো যত ধরনের রোগ-ব্যাধি আছে তারা সব সারিয়ে দেবে। একথা বিশ্বাস করে বাবা তাদেরকে ভেতরে ঢুকতে দেন।”

তিনি আরো বলেন, “এসময় দুই ফকির নানা জপমন্ত্র আওড়াতে থাকে। একপর্যায়ে বাবাকে ছাড়া পরিবারের সবাইকে বাসা ছেড়ে বাইরে চলে যেতে বলে। সবাই বেরিয়ে গেলে দুই ফকির ঘরের চারদিকে পানি ছিটিয়ে দেয়। এবং পানির ওই বৃত্তের মধ্যে কাউকে ঢুকতে নিষেধ করে।”

আশরাফুল বলেন, “এরপর বাবাকে তারা শরবত খাওয়ায়। এর কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান হয়ে যান। এসময় দুই ভণ্ডফকির বাসার ভেতর থেকে তিন ভরি সোনার গহনা, নগদ ৩৫ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট নিয়ে বেরিয়ে এসে বলে, কিছু সময় পর বাবা জ্ঞান ফিরে পাবে। চিন্তার কিছু নেই।”

তিনি আরো বলেন, “এরপর তারা মাটিতে পানি ছিটাতে ছিটাতে সুকৌশলে পালিয়ে যায়। তারা চলে গেলে সবাই ঘরে ঢুকে অপেক্ষা করতে থাকি। তিন ঘণ্টা পেরিয়ে গেলেও বাবার জ্ঞান ফিরে না আসায় আমি ও আমার মেয়ে জুঁই তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।”

জানা গেছে, এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি