November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

'শিশু হত্যা'র বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা

বিদেশ ডেস্ক : বিশ্বকে নাড়িয়ে দিয়ে যাওয়া তুরস্কের উপকূলে পড়ে থাকা সিরিয়ার শিশু আয়লান কুর্দীকে শুক্রবার তার নিজের শহরে দাফন করা হচ্ছে। শিশু আয়লানের পাশাপাশি তার মা ও বড় ভাইকেও দাফন করা হচ্ছে।

তার পিতাকে তিন বছর বয়সী শিশুপুত্রের কফিনসহ তুরস্ক থেকে সীমান্তবর্তী সিরিয়ার কোবানি শহরে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

তুরস্কের অন্যতম অবকাশ যাপন কেন্দ্র বোদরামের সৈকতে ছোট্ট আয়লানের নিথর দেহ গত বুধবার পড়ে থাকতে দেখা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া তাঁর ওই ছবিতে দেখা গেছে, বোদরামের সৈকতে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে আয়লান। পরনে লাল টি-শার্ট আর নীল প্যান্ট। সৈকত থেকে এই ছবি তুলেছে সে দেশের একটি বার্তা সংস্থা।

গৃহযুদ্ধ থেকে বাঁচতে সিরিয়া ছেড়ে এখন ইউরোপের দিকে ছুটছে দেশটির হাজার হাজার মানুষ। নৌকায় করে সাগর পাড়ি দিয়ে পৌঁছাচ্ছেন তুরস্ক, ইতালি কিংবা গ্রিসে।

এমনি একটি নৌকা বুধবার গ্রিস আর তুরস্কের মাঝামাঝি সাগরে ডুবে গিয়ে মারা যায় ১২ জন সিরীয় নাগরিক। এদেরই একজন ছোট্ট আয়লান ও তার মা এবং পাঁচ বছর বয়সী বড় ভাই এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।

আয়লানের পিতা আবদুল্লাহ জানিয়েছেন, নৌকাটি তুরস্ক ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বড় বড় ঢেউয়ের মুখে পড়ে। তখন চালক সাতরে চলে যান। পরে নৌকাটি ডুবে যায়।

এই মর্মান্তিক ঘটনার পর মানবপাচারকারী সন্দেহে চারজনকে আটক করেছে তুরস্কের পুলিশ। দেশটির সংবাদ সংস্থা দোগান বলছে, তাঁরা চারজনই সিরিয়ার নাগরিক।

আয়লানের এ ঘটনায় নড়েচড়ে বসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। জি ২০ সম্মেলন ডেকেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এরদোয়ান বাণিজ্যিক নেতাদের বলেন, ভূমধ্যসাগর এখন অভিবাসীদের কবরে পরিণত হয়েছে। ইউরোপকেই এই শিশুর মৃত্যুর দায় নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। জার্মানির শ্রমমন্ত্রী আদ্রেয়াও ইউরোপের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ইউরোপ অভিবাসন প্রত্যাশী সংকট মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তবে এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।