October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রানা দাশগুপ্তের বিরুদ্ধে নোটিশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সংখ্যালঘুদের স্বার্থ, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তকে ফরিদপুর জেলা প্রশাসনের দেওয়া নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুরে এ দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সাংবাদিক প্রবীর সিকদার, বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান, পূজা উদযাপন পরিষদের প্রেসিডিয়াম সদস্য নীল চন্দ্র ভূমী প্রমুখ।

ফরিদপুরের জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ষড়যন্ত্র করে প্রদত্ত হয়রানিমূলক নোটিশ প্রত্যাহার না করলে পরিণতি হবে ভয়াবহ।

মানববন্ধনের আয়োজকরা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের নামে হিন্দুদের সম্পত্তি দখলের অভিযোগ এনে সংবাদ প্রকাশের পর একটি জাতীয় দৈনিক এ বিষয়ে গত ১৬ আগস্ট রানা দাশগুপ্তের একটি সাক্ষাৎকার প্রকাশ করে।

এর পর ফরিদপুর জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করে প্রকাশিত সংবাদ এবং সাক্ষাৎকারের তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

তদন্ত কমিটি আগামী ২৩ আগস্ট রানা দাশগুপ্তকেসাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের প্রমাণসহ উপস্থিত থাকতে একটি নোটিশ দিয়েছে। এই নোটিশকে হয়রানিমূলক দাবি করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ।