ডেস্ক প্রতিবেদনঃ ভারতের জাতীয় ফিল্ম আর্কাইভের বহুকাঙ্খিত ১৯৩৫ সনে নির্মিত প্রথম ‘দেবদাস’ চলচ্চিত্রের কপিটি হাস্তান্তরের বিনিময়ে পনেরোটি ঐতিহাসিক ও দুর্লভ চলচ্চিত্র পেয়েছে বাংলাদেশ।
বুধবার তথ্যমন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯১৩ সালে দাদাসাহেব ফালকে পরিচালিত উপমহাদেশের প্রথম নির্বাক পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘রাজা হরিশচন্দ্র’, ১৯৩১ সালে অমরেন্দ্রনাথ চৌধুরী নির্মিত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘জামাই ষষ্ঠী’ এবং সুখদেব সিং পরিচালিত ‘নাইন মান্থস টু ফ্রিডম: দ্য স্টোরি অব বাংলাদেশ’ এর মতো বিখ্যাত চলচ্চিত্রগুলো শুভেচ্ছার নিদর্শন ও বিনিময়স্মারক হিসেবে ভারতসফররত বাংলাদেশের তথ্য সচিব মরতুজা আহমদের হাতে তুলে দেন ভারতীয় ফিল্ম আর্কাইভের পরিচালক প্রকাশ মাগদাম।
সোমবার ১৭ আগস্ট মহারাষ্ট্রের পুনেতে ভারতীয় ফিল্ম আর্কাইভে এ বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ দলের অপর সদস্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের ওপর খ্যাতনামা ‘নাইন মান্থস টু ফ্রিডম: দ্য স্টোরি অব বাংলাদেশ’ ডকুমেন্টারিটি ১৯৭২ সালের ২১ অক্টোবর জাপানে মুক্তি পায়।
তথ্য সচিব মরতুজা আহমদ টেলিফোনে জানান, ‘আন্তর্জাতিকমানের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং গত বছর ঢাকায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (বিএফটিআই) এর উন্নয়নে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া (এনএফএআই) ছাড়াও পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই), কোলকাতার সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) পরিদর্শন এবং তাদের সাথে আলোচনা করছেন।’
দুদেশের মধ্যে চলচ্চিত্র বিনিময় সুগম করার লক্ষ্যে একটি সমঝোতাস্মারক প্রণয়নেরও প্রাথমিক ঐকমত্য হয়েছে বলেও জানান মরতুজা আহমদ।
সফরশেষে আগামী ২২ আগস্ট তথ্যসচিবের দেশে ফেরার কথা।
উল্লেখ্য, ‘দেবদাস’ এর ১৯৩৫, ১৯৫৫, ২০০২ এবং ২০০৯ এ নির্মিত হিন্দী এবং ১৯৫৩ সালে নির্মিত তেলেগু ভাষার সংস্করণ থাকলেও ১৯৩৫ সালে প্রমথেশ বড়ুয়া পরিচালিত বাংলা ‘দেবদাস’ এর কপি ভারতের সংগ্রহে ছিলো না।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী