কূটনৈতিক প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর সঙ্গে বৈঠক করেছেন। দিল্লির সাত রেসকোর্স রোডে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এর আগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির অন্তেষ্টক্রিয়ায় যোগ দেন।
ভারতীয় কর্মকর্তারাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছেন, বৈঠকে সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দুই প্রধানমন্ত্রী। একইসাথে, দুর্যোগ মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় একটি যৌথ মহড়ার প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদী।
এছাড়া, প্রস্তাবিত ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান বাণিজ্য করিডোর দ্রুত বাস্তবায়ন নিয়ে কথা বলেন দুই সরকার প্রধান। ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে দিল্লি থেকে সংবাদদাতা জানিয়েছেন, তিস্তার পানিবন্টন নিয়ে প্রস্তাবিত চুক্তি নিয়ে বৈঠকে কোন কথা হয়নি।
প্রধানমন্ত্রী হাসিনার সাথে ছিলেন তার বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
প্রসঙ্গত, বাংলাদেশের নড়াইলে জন্ম হওয়া শুভ্রা মুখার্জি ৭৪ বছর বয়সে মঙ্গলবার দিল্লির এক সামরিক হাসপাতালে মারা যান। মৃত্যুর খবর শোনার পরপরই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। প্রণব-শুভ্রা দম্পত্তির সঙ্গে শেখ হাসিনার পারিবারিক পর্যায়ে ঘনিষ্ঠতা রয়েছে। ১৯৭৫ সালের পর শেখ হাসিনা যখন কয়েক বছর দিল্লিতে ছিলেন, প্রণব মুখার্জি কার্যত তার স্থানীয় অভিভাবকের ভূমিকা পালন করতেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন: প্রধানমন্ত্রী
আমরা আমাদের ভূখণ্ডেই থাকব: ফিলিস্তিনের প্রেসিডেন্ট