নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে রাজা (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে তিন যুবককে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ। আটককৃতরা হলেন সাগর, সুজন ও মনির। সোমবার বিকেলে ওই কিশোরের মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর এ তিনজনকে আটক করা হয়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিদ মাহমুদ নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা প্রধান অভিযুক্ত হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজুর সহযোগী।
এর আগে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর হাজারীবাগ শাখা ছাত্রলীগ সভাপতি আরজুর পিটুনিতে কিশোর রাজার নিহত হয়। ঘটনার পরেই নিহতের স্বজনরা ছাত্রলীগ নেতা আরজুর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ তোলেন। তবে আরজুকেই এখনো ধরতে পারেনি পুলিশ।
রাজার ফুফু রত্না বেগম জানান, সকালে হাজারীবাগের গণকটুলিতে ছাত্রলীগের সভাপতি আরজুর মোবাইল হারিয়ে যায়। মোবাইলটি রাজা চুরি করেছে সন্দেহে দুপুরে তাকে ধরে নিয়ে যায় আরজুর সমর্থকরা। পরে গণকতলী এলাকার আরজুর ৪৫ নম্বর বাসায় নিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। বাসায় নিয়ে তাকে পেটানো হলে সে অজ্ঞান হয়ে যায়।
বিকেল সাড়ে ৫টায় রাজাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি আরজু মুঠোফোনে জানান, সে আমার বাসা থেকে চারটি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি করেছে। রাজা একজন মাদকাসক্ত। তাকে যখন দুপুরে তুলে আনি তখন তার সঙ্গে তার খালাতো ভাই (বড়) শামীমও ছিল। আমি শামীমকে বিচার দিলে সে তাকে বেধরক পেটায় এবং বলে তোর (রাজা) জন্য আমাদের মানসম্মান নষ্ট হচ্ছে।
তবে হাজারীবাগ থানা পুলিশের আটক অভিযান শুরু হলে কথা বলার জন্য পুনরায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরজুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, গত জুলাই মাসে সিলেটে শিশু রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় সারাদেশে তোলপাড় শুরু হয়। রাজনকে পেটানোর দৃশ্য তার হত্যাকারীদের কাছ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে।
এরপর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে সারাদেশে নিন্দার ঝড় ওঠে। গত রোববার (১৬ আগস্ট) এই ঘটনায় ১৩ জনকে আসামি করে আদালতে চার্জশিটও দিয়েছে পুলিশ।
রাজনকে পিটিয়ে হত্যার সমালোচনার মধ্যেই খুলনায় চাকরি ছাড়ার দায়ে রাকিব নামে এক শিশু শ্রমিকের পেটে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করেন গ্যারেজ মালিক।
বরগুনার তালতলী থেকেও পাওয়া যায় মাছ চুরির অভিযোগে এক শিশুকে পিটিয়ে হত্যার খবর।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২