নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতির মাধ্যমে ধানমন্ডিতে সরকারি বাড়ি দখলের অভিযোগ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দুপুর পর্যন্ত এ জিজ্ঞাসাবাদ চলবে।
দুদকের উপ-পরিচালক ও অভিযোগটির অনুসন্ধানী কর্মকর্তা মো. জুলফিকার আলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোডে অবস্থিত এক বিঘা আয়তনের ১০ নম্বর (পুরাতন ৭০) প্লটটি ভুয়া দাতা সাজিয়ে আত্মসাৎ করেন কাজী ফিরোজ রশীদ। এক সময় বাড়িটির মালিক ছিল তৎকালীন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী। পরে তার উত্তরাধিকারীরা বাড়িটি সরকারের কাছ থেকে লিজ নেন। মোহাম্মদ আলীর ওয়ারিশ মাহমুদ আলীর তত্ত্বাবধানে বাড়িটি থাকা অবস্থায় তার চাচাতো ভাইয়ের স্ত্রী সাফিয়া আলী নিজ দখলীয় সম্পত্তি দাবি করে জাল কাগজপত্র তৈরি করে কাজী ফিরোজ রশীদের কাছে হস্তান্তর করেন।
সম্পত্তি দখলের অভিযোগে চলতি বছরের ৮ মার্চ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর একদিন পর উপ-পরিচালক মো. জুলফিকার আলীকে অনুসন্ধানী কর্মকর্তা ও পরিচালক মো. নূর আহাম্মদকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় দুদক।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২