November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

১৫ আগস্ট জন্মদিন পালন ঠেকাতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোকদিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেন জন্মদিন পালন না করেন, এমন  প্রতিকার চেয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলায় খালেদা জিয়াসহ ৭জনকে বিবাদী করা হয়। মামলাটি দায়ের করেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত অস্থায়ী কর্ম-পরিষদের সহ-সভাপতি মো. মঈন তুষার। সোমবার বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসন জন্মদিন পালন করায় সাধারণ মানুষ বিষয়টির বিরোধিতা করে আসছে দীর্ঘদিন যাবত। কিন্তু শোকদিবসের কেন্দ্রিক সাধারণ মানুষের অনুভূতিকে আঘাত করেই খালেদা ওই দিন কেক কেটে তার জন্মদিন পালন করে আসছেন।  খালেদা জিয়া যেন জন্মদিনের উৎসব পালন করতে না পারেন, এ বিষয়ে প্রতিকার চেয়ে বাদী মামলাটি দায়ের করেছেন।

খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য বিবাদীরা হলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরিশাল মহানগর সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ ও কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু।