November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ব্রাজিলের ওই গম খাওয়ার উপযোগী কিনা জানা‌‌‌নোর নির্দেশ

আদালত প্রতিবেদক : ব্রাজিল থেকে আমদানি করা চারশ কোটি টাকার গম মানুষের খাওয়ার উপযোগী কি-না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে এই আদেশ দেওয়া হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। বিষয়টি আগামী ৫ জুলাই আবার আদালতের কার্যতালিকায় আসবে।

ব্রাজিল থেকে প্রায় ৪০০ কোটি টাকার নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গতকাল হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী পাভেল মিয়া। রিট আবেদনে তিনি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়ে তদন্তের নির্দেশনা চান। চলতি সময়ের আলোচিত গম আমদানি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এ আবেদনের সঙ্গে যুক্ত করা হয়।

আবেদনকারীর আইনজীবীরা জানান, ওই গম মানুষের খাবার উপযোগী কি না, তা দেশের মাননিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মাধ্যমে পরীক্ষা করাতে আবেদনকারী আদালতের কাছে নির্দেশনা চেয়েছেন। এ ছাড়া নিম্নমানের গম আমদানি ও সরবরাহ করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালতের কাছে রুল চাওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে আবেদনে বিবাদী করা হয়েছে।