ক্রীড়া ডেস্ক : মঙ্গলবার রাতেই পাকিস্তান পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রাত ১টা ৪৫ মিনিটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে দলটি। ২০০৯ সালের শ্রীলঙ্কার বাসে জঙ্গি হামলার পর এই প্রথম কোনও টেস্ট খেলুড়ে দল পাকিস্তান সফরে আসলো।
সফরে গাদ্দাফি স্টেডিয়ামে দুটি টি–টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
নিরাপত্তার চাদড়ে মুড়েই পাকিস্তানে নেমেছে জিম্বাবুয়ে দল। হোটেল থেকে বিমানবন্দরের ১৪ কিলোমিটারের পথে আছে সহস্রাধিক পুলিশ।
জিম্বাবুয়ের ১৬ সদস্যের দল। সঙ্গে রয়েছে ৯ সদস্যের টিম অফিসিয়াল ও ৫ জন বোর্ড কর্মকর্তা। এসময় বিমানবন্দরে পাকিস্তানের দুই মন্ত্রীও তাদের অভ্যর্থনা জানান।
২০০৯ সালের ৩ মার্চ লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছেই শ্রীলঙ্কার টিম বাসে হামলা চালায় জঙ্গিরা। এসময় ৮জন নিহত এবং কিছু ক্রিকেটার আহত হন। এরপর থেকেই পাকিস্তানে কোনও টেস্ট খেলুড়ে দল সফর করতে আগ্রহ দেখায়নি। এক কথায় আন্তর্জাতিকভাবে নির্বাসিত ছিল পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজন করে খেলতে হয়েছে তাদের।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলা হবে ২২ মে। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৪ মে। তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৬, ২৯ ও ৩১ মে।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ