November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টিভি মালিকদের বিস্তারিত তথ্য চায় সরকার

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি মালিকানায় পরিচালিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মালিকদের সম্পর্কে বিস্তারিত জানতে চায় সরকার। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত পাঠানো দ্বিতীয় দফার একটি চিঠি সূত্রে এই তথ্য জানা গেছে।

তবে দুই দফায় এমন চিঠি দিলেও টিভি চ্যানেলগুলো থেকে সেভাবে সাড়া পায়নি মন্ত্রণালয়। সরকারের চিঠির জবাবে ১৩টির মতো চ্যানেল তাদের শেয়ারহোল্ডারদের নাম-ঠিকানা পাঠিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দেশে ২৬টি টেলিভিশন চ্যানেল কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে তিনটি সরকারি মালিকানাধীন চ্যানেল রয়েছে।

‘বেসরকারি মালিকানায় পরিচালিত স্যাটেলাইট টিভি চ্যানেলের শেয়ারহোল্ডারগণের নাম ও শেয়ারের সংখ্যা প্রেরণ প্রসঙ্গে’ শীর্ষক চলতি বছরের ৪ এপ্রিল বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে একটি চিঠি পাঠানো হয় তথ্য মন্ত্রণালয় থেকে। চিঠিতে উল্লেখ করা হয় ‘শেয়ারহোল্ডারগণের নাম (ঠিকানাসহ) ও প্রত্যেকের শেয়ারের পরিমাণ (অনাপত্তি প্রদানের সময় ও বর্তমান) প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছিল। অধ্যাবধি এ সংক্রান্ত তথ্যাদি পাওয়া যায়নি।’ এ বিষয়ে সে সময় নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছিল, ‘শেয়ারহোল্ডারগণের নাম (ঠিকানাসহ) ও প্রত্যেকের শেয়ারের পরিমাণ (অনাপত্তি প্রদানের সময় ও বর্তমান) আগামী ০৯-০৮-২০১৫ তারিখ দুপুর ২.০০ ঘটিকার মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হল।’

তবে তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত দ্বিতীয় দফার চিঠির পরও সব টেলিভিশন চ্যানেল উল্লিখিত তথ্য পাঠানোর বিষয়ে আশানুরূপ সাড়া দেয়নি। এই বিষয়ে জানতে চাইলে মো. আখতারুজ্জামান কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আনজুমান আরা, ‘আমি নতুন দায়িত্বে এসেছি। এই বিষয়ে কিছুই জানি না।’

এ বিষয়ে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘এটা অনেক আগেই চিঠি দিয়েছিল। আমাদের প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না।’

এটিএন নিউজের উপদেষ্টা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার ফিরোজের কাছে জানতে চাইলে বলেন, ‘মন্ত্রণালয়ের পাঠানো চাহিদা মতো বিস্তারিত তথ্য আমরা জমা দিয়েছি।