October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

লন্ডন টাওয়ার হ্যামলেটসে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে

জমির উদ্দিন সুমন.লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনের আর মাত্র দু’সপ্তাহ বাকি। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে দেশব্যাপী প্রার্থীদের প্রচারণাও জমে ওঠছে। বিশেষকরে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আগামী ৩ মে’র নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। ভোটারদের দরজায় দরজায় নক করছেন নির্বাচনী বৈতরণী পাড়ি দেওয়ার জন্য। সভা সমাবেশে প্রার্থীরা উপস্থিত হয়ে ভোটারদের কুশলাদি জানার চেষ্টা করছেন। তবে শেষ হাসি কে হাসবেন তা নির্ভর করছে ভোটারদের রায়ের উপর।

জানা যায়, আগামী ৩ মে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃটেনের বিভিন্ন শহর থেকে এই বছর রেকর্ড সংখ্যক বাঙালি কাউন্সিলার পদে নির্বাচন করছেন। কেউ কেউ লেবার পার্টি থেকে কেউ কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। আবার কেউ কেউ ইন্ডিপেন্ডেন্ট হিসেবেও প্রার্থী হয়েছেন। তবে এথনিক মাইনোরিটি থেকে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচনে নির্বাহী মেয়র পদে সর্বাধিক ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাহী মেয়র পদে পিপলস অ্যালায়েন্স দলের রাবিনা খান ও এস্পায়ার দলের অহিদ আহমদ ছাড়াও কনজারভেটিভ দলের মনোনয়ন পেয়েছেন আরেক বাঙালি ডা. আনোয়ারা আলী এমবিই। আর লেবার পার্টি থেকে আবারও মনোনয়ন পেয়েছেন বর্তমান নির্বাহী মেয়র জন বিগস। মূলত: টাওয়ার হ্যামলেটসে নির্বাহী মেয়র পদে জন বিগসের সাথে ত্রিমূখী লড়াই হবে বাঙালি প্রার্থী রাবিনা খান ও অহিদ আহমদের মধ্যে। এক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছেন পিপলস অ্যালায়েন্স দলের রাবিনা খান। জানা গেছে, কনজার্ভেটিভ পার্টি তাঁদের সেকেন্ড চয়েসের ভোট রাবিনা খানকে দিতে পারে। লিবারেল ডেমোক্রেট পার্টির সেকেন্ডে চয়েসের ভোটও পেতে পারেন তিনি। তাই জন বিগসের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে পারেন রাবিনা খান।
তবে সম্ভাবনা রয়েছে এস্পায়ার দলের অহিদ আহমদেরও। কারণ দুই বাঙালি মেয়র প্রার্থীর রাজনৈতিক গুরু ছিলেন প্রথম নির্বাচিত বাঙালি মেয়র লুতফুর রহমান। রাবিনা খান ও অহিদ আহমদ বিভক্ত হয়ে নিবাচনে পৃথক গ্রুপ থেকে নির্বাচন করছেন। এতো দিন তাদের গুরু চুপ থাকলেও বর্তমানে তিনি এস্পায়ারের প্রার্থী অহিদ আহমদের পক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন। তবে লেবার ও বাঙালি অধ্যুষিত এই বারায় কনজার্ভেটিত থেকে মনোনয়ন পাওয়া ডাঃ আনোয়ারা আলীও চমক দেখাতে ভোটারদের কাছে ছুটছেন। তিনি বোঝাতে চেষ্টা করছেন তিনি নির্বাচিত হলে তার ক্ষমতাসীন দলের হয়ে তিনি এই বারায় কাজ করে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। তবে সবকিছু ছাপিয়ে টাওয়ার হ্যামলেটসের প্রায় ৩৮ শতাংশ বাঙালি ভোট যিনি টানতে সক্ষম হবেন তিনি হবেন নতুন নির্বাহী মেয়র।