ডেস্ক: নব্বই দশকের বলিউডে মাধুরী দীক্ষিতের সঙ্গে জুটি বেঁধে অনেক ব্যবসাসফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন সঞ্জয় দত্ত। ব্যক্তিগত জীবনেও প্রেমিকযুগল হিসেবে আলোচিত ছিলেন তারা। কিন্তু ১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা হামলার সঙ্গে জড়িত মাফিয়াদের সাথে সঞ্জয়ের নাম উঠে আসার পর আর দুজনকে এক হতে দেখা যায়নি।
তবে এবার মাধুরী ও সঞ্জয়ের ভাঙা প্রেম আবারো জোড়া লাগছে। এর নেপথ্যে প্রযোজক করন জোহর। তার ড্রামা ঘরানার ‘কলঙ্ক’ সিনেমায় অভিনয় করবেন এই দুই অভিনয় তারকা।
মাধুরী ও সঞ্জয়ের এক হয়ে ছবিতে অভিনয় করা বিষয়টি টুইটবার্তায় নিশ্চিত করেছেন প্রযোজক করন জোহর। সেই সঙ্গে ‘কলঙ্ক’ সিনেমার একটি পোস্টারও প্রকাশ করেন করন।
২০১৯ সালের ১৯ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে। এই সিনেমায় আরও অভিনয় করছেন- আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, বরুণ ধাওয়ান।
১৯৪০ সালের প্রেক্ষাপটে নির্মিত হবে ‘কলঙ্ক’ সিনেমাটি। এটি পরিচালনা করবেন অভিষেক বর্মণ। সব কিছু ঠিক থাকলে মাধুরী-সঞ্জয় ভক্তরা আবারো একসঙ্গে দেখতে পাবেন তাদের প্রিয় তারকাদের।
এর আগে চলতি বছর গুঞ্জন উঠেছিল, আবারো একসঙ্গে অভিনয় করবেন সঞ্জয়-মাধুরী। করন জোহর প্রযোজিত ‘সিদ্দাত’ সিনেমায় কাজ করবেন তারা। কিন্তু পরবর্তী সময়ে করন জোহর জানান, ‘সিদ্দাত’ সিনেমায় অভিনয় করবেন না সঞ্জয়-মাধুরী। তারপর এ গুঞ্জনে ভাটা পড়ে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী