November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মস্কোর চলচ্চিত্র উৎসবে ‘গোপন’

ডেস্ক : মস্কোর ২০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ডিটেকটিভ ফেস্টে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোপন-দ্য ইনার সাউন্ড’। থ্রিলারধর্মী এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশির।

আগামী ২৩ এপ্রিল রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে  উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন নির্মাতা আশরাফ শিশির। ২৭ এপ্রিল ইউনিয়ন অব সিনেমাটোগ্রাফারস  কেন্দ্রে এ উৎসবের পর্দা নামবে। ‌যৌথভাবে এ উৎসবের আয়োজনে করেছে স্থানীয় সাংস্কৃতিক মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে আশরাফ শিশির বলেন, ‘তারকোভস্কি- আইজেনস্টাইনের দেশে একটি আন্তর্জাতিক উৎসবে সবাই বাংলাদেশের এবং বাংলা ভাষার একটা সিনেমা দেখবে, এটা নিশ্চয়ই আমার কাছে আনন্দের বিষয়। আর চলতি বছিই সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি।’

সিনেমাটিতে আন্ডাগ্রাউন্ড পলিটিক্সে জড়িয়ে যাওয়া এক পিতা, তার হারিয়ে যাওয়া স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তানের বিবর্তন, একজন জনপ্রিয় লেখিকার জীবনে মনস্তাত্বিক অসহায়ত্বের মাঝে একজন ফ্লপ সিনেমার নির্মাতার আগমন কীভাবে কয়েকটি খুন আর নতুন কিছু স্বপ্নের জন্ম দেয়– তা দেখানো হয়েছে।

‘নন্দিত নরকে’ খ্যাত সুমনা সোমা, কাবেরী, ইমরান ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন লাবন্য ক্যাটরিনা, আনন জামান, সেরাজুল ইসলাম, সৌরভ তোফাজ্জল, আবুল কালাম আজাদ, মান্নাফ কাইজার, দেবীপ্রসাদ, মিলা, দীপ, বিউটি, উজ্জ্বল, ফেরদৌস রেজা, রুদ্রনীল, শুভ সহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হলেন, রাজকন্যা, দূর্বা,  কিন্নর ও রনন।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। ‘এখনো আমার দিন থাকে’ গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের নীলাদ্রি ব্যানার্জি এবং কণ্ঠ দিয়েছেন শীর্ষ রায়।

রবীন্দ্র সংগীতে কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী দোলা ব্যানার্জি। সিনেমাটি প্রযোজনা করেছে মিডিয়াএইড বাংলাদেশ, কানাডিয়ান মিডিয়া এন্টারটেইন্টমেন্ট ইনক. এবং  ডিজিসুগার।

সম্প্রতি অনুষ্ঠিত ‘৩৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব উরুগুয়ে’-তে প্রদর্শিত হয় ‘গোপন’। এখন পর্যন্ত ভারত, নেপাল, কানাডা, ইতালি, স্পেন, চিলি, বেলজিয়াম, উরুগুয়ে, প্যারাগুয়ে, রাশিয়ার মতো দেশের ১৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।‘দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘অ্যাক্রস দ্য বর্ডার’ বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করেছে।

অন্যদিকে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আশরাফ শিশিরের ২১ ঘণ্টা দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাব’ এ মাসে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন এ পরিচালক।