November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা— ফাইল ছবি

কোটা ব্যবস্থা থাকছে না, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

প্রথমকথা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে ছাত্ররা যেহেতু আর কোটা ব্যবস্থা চায় না সেহেতু এখন থেকে বাংলাদেশে আর কোটা ব্যবস্থা থাকবে না। তিনি বলেন, এখন থেকে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বুধবার বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়। কোটা সংস্কার নিয়ে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যারা এ হামলা করেছে, তারা ছাত্র বলে বিশ্বাস করি না।
প্রধানমন্ত্রী বলেন, অর্জিত শিক্ষা ব্যবহার হওয়ার কথা গঠনমূলক কাজে। কিন্তু এখন ব্যবহার হচ্ছে গুজব ছড়ানোর কাজে। সেদিন এক ছাত্রের মৃত্যুর গুজব ছড়ানো হলো, তখন ছাত্রীরাও হলের গেট ভেঙে বেরিয়ে আসে। সেদিন কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব কে নিতো? সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো ভিসির বাড়িতে আক্রমণ। আমরা আন্দোলন-সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছি, এতোদূর এনেছি। কিন্তু কখনো ভিসির বাড়িতে হামলা হতে পারে কেউ চিন্তাও করতে পারে না। সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ভিসির ওপর আঘাত করতে চেয়েছে। একতলা-দোতলা সব তছনছ করে দিয়েছে। ক্যামেরা সরিয়ে নিয়ে গেছে। কতো পরিকল্পিত। এই হামলার নিন্দা জানাই, যারা এ হামলা করেছে, তারা ছাত্র বলে বিশ্বাস করি না।