November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঈদ ফ্যাশন

ডেস্ক প্রতিবেদন :  রমজান মাসের সিয়াম সাধনার সাথে সাথে আসে ঈদের বার্তা। এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। ঈদের উৎসবকে রঙিন ও আনন্দমুখর করে তুলতে তাই তো প্রয়োজন নতুন পোশাক। ইতোমধ্যে মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। সবাই বিশেষ করে তরুণীদের মধ্যে থাকে লেটেস্ট ফ্যাশন অনুযায়ী পোশাক কেনার প্রবণতা। সে অনুযায়ী খোঁজ নেয়া যাক এবার ঈদ উপলক্ষে কেমন পোশাক এসেছে ফ্যাশন হাউজগুলোতে।


ঈদ ফ্যাশনে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সিঙ্গেল কামিজ। প্রতিটি ফ্যাশন হাউজ ও শপে দেখা যাচ্ছে নানা ডিজাইনের সিঙ্গেল কামিজ। সিম্পল ও গর্জিয়াস দু’ভাবেই তৈরী করা হয়েছে এসব কামিজ।
লং, এক্সট্রা লং এমনকি ফ্লোর টাচ ডিজাইন প্রাধান্য পেয়েছে কামিজের প্যাটার্নে। গরমের কথা মাথায় রেখে লিলেন ও সুতিকে প্রাধান্য দেয়া হয়েছে। তবে এক্সক্লুসিভ পোশাকগুলোতে নেট, বিভিন্ন ধরনের জর্জেট, মসলিন- এসব উৎসবধর্মী কাপড়ও ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ডিজাইন ভেরিয়েশনে রয়েছে সালোয়ার কামিজের বিশাল সম্ভার।

ঈদে সালোয়ার-কামিজের আয়োজন নিয়ে কামিজ সেকশনে সিঙ্গেল কামিজকে আলাদা গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি থাকছে সিঙ্গেল দোপাট্টা, পালাজ্জো ও লেগিংস। পছন্দমতো যেকোনো পোশাক যে-কেউ সহজেই বেছে নিতে পারবেন। সালোয়ার কামিজে প্যাচওয়ার্ক, পাড়, লেস ও ডেকোরেটেড বাটন ব্যবহার করা হয়েছে কাজের মাধ্যম হিসেবে। এ ছাড়া কম্পিউটার এমব্রয়ডারি, টাইডাইয়ের কাজও দেখা যাবে।
ঈদ কালেকশনের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উজ্জ্বল রঙের ব্যবহার। একই পোশাকে উজ্জ্বল রঙের পাশাপাশি কন্ট্রাস্ট দেখা যাবে প্রচুর। একই পোশাকে একাধিক রঙ ব্যবহার করে তৈরী করা হয়েছে বিভিন্ন কামিজ। কাটিংয়ের ক্ষেত্রে কামিজের ঝুলে কখনো তেরছা কখনো বেশি ঘের দেখা যাবে। হাতার ক্ষেত্রে থ্রি কোয়ার্টার ও ফুলস্লিভই এখন বেশি চলছে।
পালাজ্জো ও লেগিংসের চাহিদা এবার বেশি। আবার চাপা ডিজাইনের সালোয়ারের পাশাপাশি চুড়িদারও কিনছেন কেউ কেউ।
সালোয়ার-কামিজ ছাড়াও ওয়েস্টার্ন পোশাকের দাপট এ সময়ে উল্লেখ করার মতো। তাই বাজার ঘুরলে পাশ্চাত্য ঢঙের অসংখ্য পোশাকও চোখে পড়ছে। এ চাহিদার কথা মাথায় রেখে ফ্যাশন হাউজগুলোতেও করা হয়েছে বিভিন্ন ডিজাইনের টপস, তাগা, লং স্কার্ট, স্কার্ফসহ বিভিন্ন পোশাক; যা ফ্যাশনে আনবে বৈচিত্র্য। রঙের ওয়েস্টার্ন কালেকশন পাবেন ওয়েস্ট রঙে। এখানে রয়েছে ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের অসংখ্য আয়োজন। এ ছাড়া শপিংমলগুলোতে রয়েছে বিদেশী পোশাকের বিশাল সম্ভার। সিঙ্গেল কামিজ বা থ্রিপিস পছন্দমতো যেকোনো পোশাক বেছে নিতে পারেন আপনার ঈদের পোশাক।