November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

ডেস্ক প্রতিবেদন:  বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী আজ ১৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ঢাকা ও রংপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। খবর বাসসের।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করেছে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এর আগে বেলা তিনটায় বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাধনা সংসদ নামে একটি সংগঠন।
ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর এবং তাঁর জন্মস্থান লালদীঘি ফতেহপুরে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, মহাজোটের শরিক দলগুলো এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো স্মৃতিচারণা, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে সকাল নয়টায় পীরগঞ্জের ফতেপুরে ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। বাদ জোহর কারামতিয়া জামে মসজিদে মিলাদ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত। সন্ধ্যা ছয়টায় রংপুর টাউন হলে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ।
ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের এই দিনে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন।