November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গঠন করা হচ্ছে সার্ক জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা

দক্ষিণ এশিয়ায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হচ্ছে আঞ্চলিক নিয়ন্ত্রক সংস্থা। আগামী সার্ক সম্মেলনে তা অনুমোদন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। এর ফলে গ্যাস ও বিদ্যুৎ খাতে আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ লাভবান হবে বলে জানিয়েছে বিইআরসি।

আগামী ১৫ বছরের মধ্যে প্রায় ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা তৈরি হবে বাংলাদেশে। এ চাহিদা পূরণে প্রতিবেশি দেশগুলোর সাথে আন্তঃসীমান্ত বাণিজ্যের মাধ্যমে সাড়ে তিন হাজারের বেশি বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের।

সার্কের সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত ও ভূটানের মধ্যে বিদ্যুতের আমদানি-রপ্তানি হচ্ছে। এর সঙ্গে অন্যান্য দেশকে যুক্ত করা সম্ভব হলে, এ অঞ্চলের বিদ্যুতের চাহিদা পুরোপরি মেটানো সম্ভব হবে।

এজন্য সার্ক অঞ্চলে বিদ্যুৎ কেনাবেচার জটিলতা নিরসনে গত বছর একটি অভিন্ন নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রস্তাব দেয় বাংলাদেশ। সে অনুযায়ী গঠন করা হচ্ছে এ নিয়ন্ত্রক সংস্থা।

সার্কের আগামী বৈঠকে অনুমোদন আসতে পারে এ কমিশন গঠনের। ঢাকাতে এর প্রধান কার্যালয় করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বর্তমানে শুধুমাত্র ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। এ নিয়ন্ত্রক সংস্থা গঠিত হলে ভুটান ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি সহজ হবে বলে মনে করছে বিইআরসি।