October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাদি মহম্মদের অকাল প্রয়াণে আমরা স্তব্ধ: প্রজন্ম’ ৭১

ডেস্ক: প্রজন্ম ৭১ এর সদস্য, বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী, শহীদ মুক্তিযোদ্ধা মহম্মদ সলিমউল্লাহ’র সন্তান সাদি মহম্মদের অকাল প্রয়াণে আমাদের স্তব্ধ করে দিয়েছে। এই মর্মবেদনা ভাষায় প্রকাশ করা দুঃসহ।

প্রজন্ম ৭১- এর প্যাডে লেখা প্রজন্ম ৭১ এর প্রচার সম্পাদক অনল রায়হানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করা হয়।

সেখানে লেখা হয়, প্রজন্ম ৭১ এর সদস্য, বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী, মুক্তিযুদ্ধের শহীদ মহম্মদ সলিমউল্লাহ’র সন্তান সাদি মহম্মদের অকাল প্রয়াণ আমাদের স্তব্ধ করে দিয়েছে। এই মর্মবেদনা ভাষায় প্রকাশ করা দুঃসহ। আমরা অভিভাবকতূল্য এক বড় ভাইকে হারালাম যখন তাঁর মত নির্মোহ, মানবিক মানুষের এই দেশের খুব প্রয়োজন ছিল। উল্লেখ্য সাদি মহম্মদের মা, শহীদ জায়া বেগম জেবুন্নেছা সলিমউল্লাহ ২০২৩ এবং বোন পারভিন আলম জিনিয়া ২০২২ সালে, গত দু’বছরের মধ্যেই পরলোকগমন করেন। এত দ্রুত সময়ে একই পরিবারের তিনজন মানুষের চলে যাওয়া মেনে নেয়া কষ্টকর।

সাদি মহম্মদ রবীন্দ্রসংগীতের ওপর ব্যাচেলার ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন বিশ্ব ভারতী থেকে। এরপর থেকে গত চার দশক ধরে তাঁর গাওয়া রবীন্দ্রসংগীত শুধু বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবংগের শ্রোতাদের মনেও স্থায়ী আসন নিয়েছে। ২০০৭ এ সাদী মোহাম্মদ প্রথম সংগীত পরিচালক হিসেবে তাঁর প্রথম অ্যালবাম ”আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে” প্রকাশ করেন।

এরপর তাঁর আরও দুটো অ্যালবাম ”শ্রাবণ আকাশে” ও ”স্বার্থক জনম আমার” প্রকাশিত হয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এবং রবিরাগ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া কলিম শরাফি প্রতিষ্ঠিত সংগীত ভবনেরও তিনি প্রতিষ্ঠাতা সদস্য। রেখে গেছেন অগনিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী। পেয়েছেন বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা। প্রজন্ম ৭১ এর বিভিন্ন আয়োজন সাদি ভাইয়ের স্মৃতি বিজড়িত।

সাদি মহম্মদের ভাই স্বনামধন্য নৃত্যশিল্পী ও প্রজন্ম ৭১ এর কার্যনির্বাহী সদস্য শিবলী মহম্মদ জানিয়েছেন, আজ ১৪ মার্চ বাদ যোহর, সাদি মহম্মদের জানাযা অনুষ্ঠিত হবে মোহাম্মদপুর ইদগা মাঠ মসজিদে। এরপর দাফনও সম্পন্ন হবে ইদগা মাঠ সংলগ্ন কবরস্থানে।

প্রজন্ম ৭১ (মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান) আরো একজন স্বজনকে হারালো। আমরা মরহুমের পরিবারের প্রতি শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।