November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দুর্নীতি-অপচয় রোধেই জনগণের জীবনমান বাড়বে : তথ্যমন্ত্রী

প্রথমকথা ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্থানীয় সরকারের ক্ষমতা ও আর্থিক বরাদ্দ বৃদ্ধি এবং দুর্নীতি-অপচয় রোধই জনগণের জীবনমান বাড়াবে।

বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘বাজেটে স্থানীয় সরকার ও বিকেন্দ্রিকরণ পরিস্থিতি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের চেয়ারপার্সন ড. কাজী খলীকুজ্জামানের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক মহসিন আলী।

সভায় উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক সরকার, মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আব্দুল বাতেন স্থানীয় সরকারগুলোর জন্য বরাদ্দ বাড়ানো ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের যৌক্তিকতা তুলে ধরেন ।

উন্নয়ন কর্মকাণ্ডে কেউ যেন বাদ না পড়ে এজন্য স্থানীয় সরকারকে আইনের মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এজন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন -এ পাঁচ ধাপের স্থানীয় সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আন্ত:সম্পর্ক আরো স্পষ্ট করে সমন্বিত আইনি কাঠামো ও ‘স্থানীয় সরকার অর্থায়ন কমিশন’ গঠন করতে হবে।