October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টেস্ট ক্রিকেট নিয়ে শঙ্কিত মরগান

ডেস্ক: বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে টেস্টকেই সর্বোচ্চ পর্যায়ের এবং সম্মানের হিসেবে বিবেচনা করা হয়। এতদিনেও টেস্ট ক্রিকেট তার মর্যাদা খোয়ায়নি একটুও। তবে বর্তমান সময়ের দ্রুতগতির জীবনের সাথে পাঁচদিনের এই খেলা কতটা তাল মিলিয়ে চলতে পারছে তা নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন উঠছে। বিশেষত, টি-টুয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর থেকে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকার মত দেশগুলো ছাড়া বাকি দলগুলোর এই ফরম্যাটের খেলা দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে। তাই ইংলিশ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট অধিনায়ক ইয়ন মরগান আশঙ্কা করছেন এই ফরম্যাটকে বাঁচানোর সময় হয়ত পার হয়ে গেছে।

টেস্ট ক্রিকেটের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে মরগানেরই দুই সতীর্থ আদিল রশিদ ও অ্যালেক্স হেলস কাউন্টিতে লাল বলের ক্রিকেট থেকে সরে আসার পর। আরেক ইংলিশ ক্রিকেটার মঈন আলি অভিযোগ করেছিলেন গত অ্যাশেজে দর্শকের সংখ্যা অনেক কমে যাওয়া নিয়ে। যদিও দাবীটি সঠিক ছিল না, কারণ অ্যাশেজের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক দর্শক এসেছিলেন এবারের আসরে। তারপরও এই ফরম্যাটের দর্শকপ্রিয়তা কমে যাওয়া ও অনেকেই খেলতে আগ্রহী না হওয়ার বিষয়টি অনেক আগে থেকেই বলে জানিয়েছেন মরগান, ‘টেস্ট নিয়ে দুশ্চিন্তা বেশ ভাল সময় ধরেই চলছে। এটা নিয়ে কিছু করার থাকলে এতদিনে করে ফেলা উচিত ছিল।’

টেস্টকে জনপ্রিয় করার জন্য দিবা-রাত্রির ম্যাচ, চারদিনের টেস্ট এমন বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে ইতোমধ্যে। সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপও রাখা হয়েছে যা চালু হবে ২০১৯ সাল থেকে। তবে খেলাটি এখন অনেকটা সাদা হাতি পোষার মতই হয়ে গেছে বলে মনে করেন মরগান, ‘এখনও অনেক বুদ্ধি-পরামর্শই দেয়া হচ্ছে, তবে আমার মনে হয় বড় দেশগুলোর জন্যই টেস্ট এখন বিলাসিতা। অন্য দেশগুলোতে টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজিই বেশি গুরুত্বপূর্ণ।’

সূত্র : স্কাই স্পোর্টস।