November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আজ থেকে মাঠে গড়াচ্ছে স্কুল ক্রিকেট

ডেস্ক: ভবিষ্যতের মাশরাফি-সাকিবদের খুঁজে বের করতে আবারও মাঠে গড়াচ্ছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।
এই আসরে সারা দেশের ৫৫৪টি স্কুলের প্রায় ১১ হাজারেরও বেশি খুদে ক্রিকেটার অংশ নেবে। যেখানে ৬৪ জেলায় মোট ৯৭৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্কুল ক্রিকেট সবসময়ই গুরুত্ব বহন করে। স্কুল ক্রিকেট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজনসহ বহু ক্রিকেটার।
গত আসরে স্কুল ক্রিকেট খেলে বয়সভিত্তিক দলগুলোতে ২৯জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এবার সর্বোচ্চ ১৩০টি স্কুল অংশ নিচ্ছে ঢাকা বিভাগ থেকে। চট্টগ্রামে ৯২টি, খুলনায় ৮৪টি, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে অংশ নিচ্ছে ৬৮টি স্কুল।
প্রত্যেকটি জেলা চ্যাম্পিয়নরা অংশ নেবে বিভাগীয় পর্যায়ে। বিভাগীয় পর্যায়ে হবে মোট ৫৭টি ম্যাচ। ৭ বিভাগ ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৭০ ভেন্যুতে এবার অনুষ্ঠিত হবে স্কুল ক্রিকেটের এই জাতীয় আসর।
গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেশের বৃহৎ এই ক্রিকেটযজ্ঞের নানা দিক তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবি’র বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানজিল চৌধুরী।
তানজিল চৌধুরী নিজের বক্তব্যে বলেছেন, দেশের ক্রিকেটের সমৃদ্ধ পাইপ লাইন তৈরিতে দারুণ ভূমিকা রাখছে স্কুল ক্রিকেট। বর্তমান বয়সভিত্তিক দলগুলোর বেশিরভাগ ক্রিকেটার উঠে আসছে এখান থেকেই। অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব- ১৭ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার খেলেছেন স্কুল ক্রিকেটের গত আসরে।
গত আসরের ভুলগুলো এবার শুধরে আরও ভালো করে স্কুল ক্রিকেট মাঠে গড়াবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
প্রসঙ্গত, প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের গত আসরের শিরোপা জিতেছে রাজশাহীর বালিয়াপুকুর বিদ্যানিকেতন।