November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হৃদপিণ্ড পিঠে নিয়ে জীবন

ডেস্ক: মুখে একটা চওড়া হাসি। সপ্রতিভ চেহারা। কেউ দেখলে বলবে, তার হৃদপিণ্ড নেই! সত্যিকারের হৃদপিণ্ড ছাড়াই তিনি দিব্যি বেঁচে রয়েছেন। শুনতে যতটা বিস্ময় লাগে, তার চেয়ে বেশি শিহরণ জাগে যখন জানা যায়, কীভাবে প্রতিদিন জীবনের সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে আছে সালওয়া।

৩৯ বছর বয়সী ব্রিটেনের বাসিন্দা সালওয়া হুসেন কৃত্রিম হৃদপিণ্ড নিয়েই জীবনযাপন করছেন। তার পিঠে ঝোলানো রয়েছে সেই হৃদপিণ্ড সচল রাখার মোটর।

৬ মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সালওয়া। চিকিত্সকরা জানিয়েছিলেন, হৃদপিণ্ড প্রতিস্থাপন করতে হবে। সে সময় কোনও ডোনার না পাওয়ায় কৃত্রিম হৃদপিণ্ড বসানো হয় সালওয়ার বুকে।

সেই যন্ত্রকে সচল রাখতে বাইরে থেকে ব্যাটারি চালিত একটি মোটর যুক্ত করে দেওয়া হয়েছে। এই ব্যবস্থাতেই সালওয়া এখন সুস্থ রয়েছেন। তবে, সব জায়গায় ওই মোটরের ব্যাগ পিঠে করে বয়ে বেড়াতে হয় সালওয়াকে। যদিও সালওয়া একা নন, ডোনার না পাওয়ায় এভাবেই জীবন কাটাতে হয় ব্রিটেনের অনেক মানুষকেই।

সালওয়া জানিয়েছেন, কৃত্রিম হৃদপিণ্ডকে সচল রাখতে দুই সেট ব্যাটারিও সব সময় বহন করতে হয় তাকে। একটি ব্যাটারির চার্জ শেষ হলেই অন্যটি স্ট্যান্ড বাই হিসাবে কাজ করে। এই অবস্থাতেই বর্তমানে সব রকম কাজ করেন তিনি।

সালওয়ার পাঁচ বছরের একটি ছেলে এবং দেড় বছরের মেয়ে রয়েছে। তারা অবশ্য সম্পূর্ণ সুস্থ। এ অবস্থায়ই তাদের দেখাশুনা এবং সংসারে সব দায়িত্ব পালন করেন সালওয়া।