November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সিটিং সার্ভিস বন্ধ করায় মালিকরা ইচ্ছা করেই কম গাড়ি নামিয়েছে

ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহন সংকট দেখা দিয়েছে  আজও। বাস চালকরা বলছেন সিটিং সার্ভিস বন্ধ করায় মালিকরা ইচ্ছা করেই রাস্তায় কম গাড়ি নামিয়েছেন।

তবে সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি বন্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অধীনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলার কারণেই মালিকরা রাস্তায় কম গাড়ি নামিয়েছেন বলে মনে করেন যাত্রীরা। ফলে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে।

হাতেগোণা পরিবহন ছিল। ফলে অফিসগামীদের অনেকটা যুদ্ধ করেই গাড়িতে উঠতে হয়েছে।

সকাল পৌনে ১০টার দিকে প্রায় গাড়িশূন্য হয়ে পড়ে যাত্রাবাড়ী মোড়। গাড়িতে উঠতে না পারায় মতিঝিল-গুলিস্তান এলাকার যাত্রীদের অধিকাংশই গন্তেব্যের উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন।

এদিকে, সড়কে যেসব গাড়ি আছে সেগুলোর সবগুলোতে গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে। এজন্য যাত্রাবাড়ী মোড়ে ১০ থেকে ২০ মিনিট পর্যন্তও দাঁড়িয়ে থাকছে কোনো কোনো রুটের বাস।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বলেন, গাড়িতে উঠতে পারছি না। তাই হেঁটে অফিসে যাচ্ছি। রিকশা চালকরা অতিরিক্ত ভাড়া চাচ্ছেন। আগে ৩০ থেকে ৩৫ টাকা ভাড়া দিয়ে মতিঝিল যাওয়া যেত। আজ রিকশা চালকরা ৬০ থেকে ৮০ টাকা ভাড়া চাচ্ছেন।

আর সিএনজিচালিত অটোরিকশা চালকরা ভাড়া চাচ্ছেন ১৫০ থেকে ১৬০ টাকা। তাই রিকশা বা অটোরিকশায় না গিয়ে হেঁটে অফিসে যাচ্ছি ।