October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বামদের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামদলগুলোর ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের মুখপাত্র এবং দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত হরতাল বিরোধী এক মানববন্ধনে তিনি এ দাবি করেন।

হাছান মাহমুদ বলেন, স্কুল কলেজ, রাস্তা-ঘাটে মানুষের উপস্থিতি দেখলে কেউ বলবে না, আজকের হরতাল ডাকা হয়েছে। দেশের মানুষ সম্পূর্নভাবে এ হরতাল প্রত্যাখ্যান করেছে। যারা হরতাল ডেকেছেন, তাদের যদি লজ্জা থাকে তাহলে তারা আর এই ইস্যুতে কথা বলবেন না।

ইস্যু সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, বাংলাদেশে গ্যাসের দাম মূল্য বৃদ্ধির পরও পাশ্ববর্তি দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে গ্যাসের দাম কম আছে। তাই আমি আহ্বান জানবো, অহেতু ইস্যু সৃষ্টি করে জঙ্গিগোষ্টি, প্রতিক্রিয়াশীল, স্বাধীনতাবিরোধীদের কাছে আপনাদের অস্ত্র তুলে দেবেন না।

বামদলগুলোর প্রতি ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, আপনারা সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলেন, কিন্তু যারা মাসে তিন হাজার টাকার গ্যাস ব্যবহার করনে তাদের পাশে না দাঁড়িয়ে যারা উপকারভোগী, সুবিধাভোগী তাদের পাশে দাঁড়িয়েছেন।

সমাবেশে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু , আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সংগঠনের সাধরাণ সম্পাদক ফজুলল হক।