October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জয়পুরহাটে বই মেলায় শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়

ডেস্ক: জেলা প্রশাসন আয়োজিত অমর একুশের বই মেলায় শিশু শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
অমর একুশ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসক মো: আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে শুক্রবার বিকালে ৫ দিনব্যাপী এ বই মেলার উদ্বোধন করেন। বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল হক বাবুল, জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড: নন্দকিশোর আগরওয়ালা, শ্যামল সাহা, নাট্যকার উৎপল কুমার মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, বই পড়ার মাধ্যমে মুক্ত মনের মানুষ সৃষ্টি হয়। সে জন্য প্রতিটি বাড়িকে লাইব্রেরী হিসেবে গড়ে তুলতে হবে।
সন্ধ্যায় সংগীত চক্র, সারগাম ও বাউল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দেশের গান পরিবেশন করেন। মেলায় পুস্তক ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ টি স্টল স্থান পেয়েছে।(বাসস)