October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ডেস্ক : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে চাম্পাকো কয়েল কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। আহতদের টঙ্গী ৫০ শয্যার হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় একটি ৪তলা ভবন ধসে পড়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দফতর, মিরপুর এবং উত্তরাসহ আশে-পাশের ফায়ার স্টেশনের কর্মীরা।

এ ঘটনায় টঙ্গী ৫০ শয্যার হাসপাতালে ৯ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। তবে টঙ্গী হাসপাতালে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে ৩ জন ও পরে আরও একজনের মৃত্যু হয়। এদের মধ্যে ৩ জনের নাম পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন-আনোয়ার হোসেন (৪০), দেলোয়ার হোসেন (৪৫) ও ওয়াহেদুজ্জামান স্বপন (৩৫)। এছাড়া অজ্ঞাত আরও এক নারী (২০) নিহত হয়েছেন।

নিহত ওয়াহেদুজ্জামান স্বপনের স্ত্রী ইতি আক্তার জানান, তার স্বামী ওই ফ্যাক্টরিতে কাজ করতো। উত্তরখানে থাকতো। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চৌহালি এলাকায়। তিনি আরও জানান, বয়লার বিস্ফোরণের ঘটনায় ভবনের দেওয়াল ধসে পড়লে তিনি তাতে চাপা পড়েন। উদ্ধার করে তাকে প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেলে আনা হয়।

এদিকে ঢামেক হাসপাতালে এ ঘটনায় আহত আরও ১৮ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে বার্ণ ইউনিটে ভর্তি রয়েছেন রিপন দাশ (৩৫) ও দিলীপ চন্দ্র দাশ (৩৬)। রিপন দাশের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। দলীপ চন্দ্র দাশের ৮ শতাংশ পুড়েছে। বাকিরা জরুরি বিভাগে ভর্তি রয়েছেন। তাদের বেশিরভাগই মাথায় আঘাতপ্রাপ্ত।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান জানান, শনিবার সকাল ৬টার দিকে টঙ্গীর বিসিক নগরীতে চাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

টঙ্গী ৫০শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়া জানান, আগুনে দগ্ধ ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে ৪১ জন আহত এবং ৯ জন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গুরুতর আহত কয়েল কারখানাটির শ্রমিক রুবেল জানান, তারা ভোরে কাজে যোগদানের পর পরই কারখানার বয়লার বিস্ফোরিত হয়। কারখানাটিতে প্লাস্টিক পেপারে প্রিন্টিং কাজ করা হয় বলেও জানান তিনি।