October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মাছ ধরতে গিয়ে কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি : নদীতে মাছ শিকারে গিয়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক। কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ওই বাংলাদেশির নাম নুরুল আমিন (৩৫)। দাঁতভাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৪ নং এর কাছে মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন রৌমারী উপজেলার খেতার চর গ্রামের মোকছেদ আলী আকন্দের ছেলে।
নুরুল আমিনের পরিবারের দাবি, নুরুল সোমবার রাতে মাছ ধরার জন্য ভারতের সীমান্ত সংলগ্ন জিঞ্জিরাম নদীতে যান। তার সঙ্গে বাড়ির পাশের জাইদুল ইসলাম ও সাদ্দাম হোসেন নামের দুইজন ছিলেন।
ভারতীয় দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় নুরুল আমিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। তার সঙ্গে থাকা অন্য দুইজন পালিয়ে আত্মরক্ষা করেন।
দাঁতভাঙ্গা ক্যাম্প বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডার সুবেদার আব্দুল আজিজ বিএসএফের গুলিতে নুরুলের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা পতাকা বৈঠকের জন্য ভারতের দ্বীপচর বিএসএফ ক্যাম্পে চিঠি দিয়েছি। এ ঘটনার জন্য বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হবে।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বলেন, সীমান্ত থেকে নুরুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।