ডেস্ক প্রতিবেদন : জেলার মাটিরাঙায় একই রশিতে মা ও শিশুপুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে মাটিরাঙা পৌরসভার ৪নং ওয়ার্ডের রমিজ কেরানি পাড়ায় হোসনে আরা বেগম (২৫) ও তার এক বছরের শিশুপুত্র মো. জাহেদুল ইসলামের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদত হোসেন টিটু জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দুপুরের দিকে নিজের ঘরের আড়ার সাথে রশি দিয়ে প্রথমে এক বছরের ছেলেকে ও পরে একই রশিতে ফাঁস দিয়ে হোসনে আরা বেগম আত্মহত্যা করেন।
হোসনে আরা বেগমের দেবরের বউ রাবেয়া আক্তার হঠাৎ করে ঘরের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীদের খবর দিলে তারা এসে দরজা ভেঙে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে বেলা ৩টার দিকে মাটিরাঙা থানা পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলানো মা ও ছেলের লাশ উদ্ধার করে।
ঘটনার পর থেকেই নিহতের স্বামী মো. ইয়াছিনসহ তার বাবা ও ভাই পলাতক রয়েছেন।
হোসনে আরা বেগমের বাবা আনোয়ার হোসেন জানান, ৬ বছর আগে ইয়াছিনের সাথে পারিবারিকভাবেই বিয়ে হয় বেলছড়ি ইউনিয়নের হোসনে আরা বেগমের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। একাধিকবার হোসনে আরা বেগমের ওপর শারীরিক নির্যাতন করা হয়। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী