November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

আদালত প্রতিবদেক : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে বুধবার দুপুরে আলোচিত এ মামলার বাদী আবদুল মজিদ খান সাক্ষ্যপ্রদান করেন।

আদালত প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে ২১ ও ২২ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি (সরকারি কৌঁসুলি) এ্যাডভোকেট কিশোর কুমার কর সাংবাদকিদের  বিষয়টি নিশ্চিত করেন।

২১ সেপ্টেম্বর সাক্ষীরা অনুপস্থিত থাকায় পিছিয়ে যায় মামলার সাক্ষ্যগ্রহণ।

সাক্ষ্যগ্রহণকালে সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া জেলহাজতে থাকা ১৪ আসামি এবং জামিনে থাকা আটজন আদালতে উপস্থিত ছিলেন।

কিবরিয়া হত্যার প্রায় সাড়ে ১০ বছর পর ১৩ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরশেনের (সাময়িক বরখাস্ত) মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার (সাময়িক বরখাস্ত) মেয়র জিকে গৌছ ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ৩২ জনকে অভিযুক্ত করে আলোচিত এ মামলার চার্জ গঠন করেন। মামলার ৩২ আসামির মধ্যে ১৪ জন কারাগারে, আটজন জামিনে এবং ১০ জন পলাতক রয়েছেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

ওই ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। এ মামলায় ১৭১ সাক্ষী রয়েছেন।