নিজস্ব প্রতিবেদক : ক্ষতিগ্রস্থ হজ এজেন্সিসমূহের পক্ষ থেকে নেতাকর্মী ও হজযাত্রীরা প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করতে যাওয়ার সময় পুলিশি বাধার সম্মুখিন হয়েছে। বাধা পেয়ে তারা তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে প্রতিনিধি পাঠায়।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত হজ এজেন্সিসমূহের নেতাকর্মীরা ইহরামের কাপড় পরে পদযাত্রা শুরু করে।
এসময় তাদের সাথে ৭০ থেকে ৮০ জন হজযাত্রী ছিল। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে থেকে হাইকোর্টের কাছে কদম ফোয়ারার সামনে যাওয়া মাত্র পুলিশ বিপুল সংখ্যক ফোর্স নিয়ে তাদের বাধা দেয়।
হজ এজেন্সিসমূহের আহবায়ক মাওলানা ফজলুর রহমান নিউজবাংলাদেশকে বলেন, “আমাদের এখন রাস্তায় না থেকে হজে যাওয়ার প্রস্তুতি নেয়ার কথা ছিল। ধর্মমন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা কৃত্রিমভাবে হজ যাত্রীদের এ সংকট সৃষ্টি করেছে। আর তাই আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।”
তিনি আরো বলেন, “৯০ ভাগ মুসলমানের দেশে হাজিদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।”
ধর্ম মন্ত্রণালয়ের প্রতি অভিযোগ করে তিনি বলেন, “আমরা হাজার হাজার হজযাত্রী হজে যেতে পারব কীনা এ নিয়ে উদ্বেগে আছি। অথচ এ সমস্যা সমাধানে ধর্মমন্ত্রণালয় এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।”
ধর্মমন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা হজ নীতিমালার বাইরে কাজ করে এ সংকট সৃষ্টি করেছে অভিযোগ করে ফজলুর রহমান বলেন, পাঁচ বছর ধরে হজে লোক পাঠানো নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। অসাধু কর্মকর্তারা হজে পাঠানোর নামে অবৈধভাবে মানব পাচারের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন জালিয়াতি করে এ সংকট সৃষ্টি করেছে।
এ সংকট নিরসনের প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, “আমরা যারা হজে লোক পাঠাই আমাদের সমস্যা নিরসনে আশা করি তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।”
কর্মসূচিতে পুলিশি বাধার মুখে ক্ষতিগ্রস্ত হজ এজেন্সির নেতাকর্মীরা প্রতিনিধির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠায়। এর পরপরই তারা কর্মসূচি শেষ করে।

এ বিভাগের আরো..
মহান শহীদ দিবসে সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
আওয়ামী লীগ ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে